|
নীরব পরিবেশে আর প্রকৃতির অপার সৌন্দর্য্য লালাখালকে দিয়েছে ভিন্নমাত্রা। চারিদিকে সারিবদ্ধ সবুজ পাহাড় আর তার মাঝ দিয়ে প্রবাহিত সারি নদীর অপরূপ জলরাশি সহজেই মুগ্ধ করে মনকে।
সিলেট শহর থেকে জাফলং রোডে জৈন্তা থানার সারি নদী। শহর থেকে আধা-ঘন্টা গাড়ি দূরত্বে নদী ঘাটের অবস্থান। সেখান থেকে ৪৫ মিনিটের নৌপথ ভ্রমণে পৌছে যাওয়া যায় লালাখাল। পর্যটন কেন্দ্র হিসেবে লালাখাল এখনও ততটা পরিচিতি না পেলেও ভ্রমণপিয়াসীদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে স্থানটি।
অবিশ্বাস্য রকমের সুন্দর লালাখালের চারপাশ। কুয়াশার মতো মেঘ সবসময়ই ভর করে থাকে পাহাড়ের মাথায়! সারি নদীর জলের রং অদ্ভুত সবুজ। শীতল জলারাশি নৌ-ভ্রমনে সৃষ্টি করে অন্যরকম এক আবহের।
লালাখাল যদিও ব্যক্তিমালিকাধীন চা-বাগান তথাপি বাগান কর্তৃপক্ষ তাদের নিজস্ব ঘাট ব্যবহার করতে তেমন আপত্তি করেন না। ভারতের চেরাপুঞ্জির নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপত্তি সারি নদীর। এই ঘাট ছাড়িয়ে আপনি চলে যেতে পারেন আরো সামনে বর্ডারের দিকে।
সিলেট শহর থেকে সার্ভিস বাসে সারি ঘাটে যাতায়াত করা যায়। সেখান থেকে ইঞ্জিন নৌকা ভাড়া করতে হবে। ধারণ ক্ষমতা অনুযায়ী ৮শ টাকা থেকে ৩ হাজার টাকায় নৌকা ভাড়া করা যাবে। লালাখালে আধাঘন্টা থেকে এক ঘন্টা থাকতে পারবেন। ফটোসেশনের জন্য জায়গাটি চমৎকার। সিলেট শহর থেকেই যাতায়াত করতে হবে লালাখালে।
|